৪.এ তো মৃত্যুর চেয়ে বেশি -আইনুল বারী

৪.এ তো মৃত্যুর চেয়ে বেশি
-আইনুল বারী
১৮/৫/১৫
(এ যুগের দাস ব্যবসা মানব পাচার। সামান্য ভাগ্যের সন্ধানে সমুদ্রের চোরা পথে নিরুদ্দেশে বেরিয়ে পড়ে সমাজে্র বঞ্চিত-উপেক্ষিত অনেক মানুষ।কিন্তু প্রতারিত হয়ে বেরিয়ে পড়া সে সমস্ত পুরুষ-নারী-শিশুর অনেকেরই মৃত্যু হচ্ছে সমুদ্রের মাঝে, অথবা নাম না জানা কোনো উপকূলে, বা অরণ্যের গুপ্ত ঘাঁটিতে।মৃত্যু হচ্ছে খোলা আকাশের নিচে,অনাহারে,কষ্টে-ক্লীষ্টে,প্রত্যাখ্যাত হয়ে, ক্ষমার অযোগ্য অমানবিকতায়।কেউ সেভাবে এগিয়ে আসছেন না, তাগিদ বোধ করছেন না তাঁদেরকে বাঁচাতে।এ সত্যি এক ভয়ানক মানবিক বিপর্যয়।শুধু বিপর্যয় নয়, মানবতার বিরুদ্ধে অতি বড় অপরাধ।সম্মিলিত উপেক্ষায় সংঘটিত জেনোসাইড! আমার এ কবিতা ঐ সমস্ত জাহাজের প্রকোষ্ঠে, বন্দী শিবিরের আটকে পড়া পাচারকৃত অসহায় মানুষের মুক্তির জন্য, তাদের আত্মার শান্তির জন্য, একটি প্রার্থণা। )
---------------------------
সাগরের বুক ভাসমান জাহাজ ভেলায়
আমরা ক'জন নতুন আশ্রয়ের খোঁজে
সুপ্রসন্ন ভাগ্য যদি হয়!
অনির্দিষ্ট গন্তব্য, জানি না কোথায়...
তবুও অনন্ত ভেসে যাই
উপরে আকাশ, আকাশ কি এতো বড় হয়?
আজ ক'দিন আকাশের বিশালতা বেড়ে গেছে
ছাড়িয়েছে সকল পরিধি
কূল আছে, তবুও নেই... প্রত্যাখ্যাত হয়ে
ফিরে আসে বারবার, আমাদের ভেলা
বিতাড়িত
অন্য মানুষের অধিকৃত ভূখন্ড থেকে
অনেক কষ্টে আছি
নিথর ডেকের ভেতরে, রেলিং ধরে ঝুঁকে থাকি,
দড়ি ধরে ঝুলে আছি, অথবা নেই
শুকিয়ে আসা চোখের ভেতরে এ যে এক মহাতৃষ্ণা!
এমন তৃষ্ণার জন্ম কীভাবে হয়?
আহা, এতো নীল!
এতো পানি কখনও দেখিনি
লোনা পানি, মেঘ নীল বৃষ্টির মিষ্টি পানিতে
আকাশ কি মায়াবী হবে না?
শুয়ে আছে বিস্তর অভুক্ত লাশ
শুয়ে আছি আমিও, আমার শুকানো শরীর
শরীরে শরীরে একাকার, আমাদের এক শরীর
এক আত্মা কি হয়ে যাবো আজ?
আর কিছুক্ষণ এই ভেবে ভেবে
আমার মৃত্যুর দিকে আমার একান্ত যাত্রায়
আমার ও আমাদের এক হয়ে আসা
আজ মৃত্যুর অর্থ কী জেনে গেছি, বুঝে গেছি!
জেনে রেখো, শুধু সাক্ষী রইলাম।

Comments

Popular posts from this blog

৫.বনের কাছে,পাখির কাছে -আইনুল বারী

৫৩.আমিতো মানুষ,তাই -আইনুল বারী

৪৬.জমে থাকুক যতো অভিশাপ -আইনুল বারী